তিনদিন মুলতবি শেষে আজ রবিবার বিকাল পৌনে পাঁচটায় আবার বসছে সংসদের অধিবেশন। আজকের অধিবেশনেই অভিষিক্ত হবেন একাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার শপথ গ্রহণের পর আজই তারা সংসদে যাবেন।
৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে এখন পর্যন্ত নির্বাচিত হয়েছেন ৪৯জন। তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ৪৩, বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) ৪, ওয়ার্কার্স পার্টির ১ ও স্বতন্ত্র ১ জন মহিলা এমপি রয়েছেন। ৫০টি মহিলা আসনের মধ্যে অবশিষ্ট ১টি পাবে জাতীয় ঐক্যফ্রন্ট। কিন্তু ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত আটজন সংসদ সদস্য এখনও শপথ নেননি, তারা কাউকে সংরক্ষিত আসনে মনোনয়নও দেননি।
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের ৪৩ জন মহিলা এমপির মধ্যে দশম সংসদেও ছিলেন এরকম রয়েছেন শুধু ফজিলাতুন্নেসা ইন্দিরা। বাকি ৪২ জনই প্রথমবারের মতো এমপি হয়েছেন। নবনির্বাচিতদের মধ্যে এবার একুশে পদকপ্রাপ্ত ও বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তফা রয়েছেন। আর জাপার চারজনের মধ্যে দুইজন দশম সংসদেরও সদস্য ছিলেন। জাপার প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম ও অধ্যাপিকা রওশন আরা মান্নান দশম সংসদেও ছিলেন। সালমা ইসলাম দশম সংসদে সরাসরি নির্বাচিত হলেও এবার সংরক্ষিত আসনে নির্বাচিত।
এদিকে এবারের একাদশ সংসদে তিন দম্পতি সংসদ সদস্য হয়েছেন। তারা হলেন এইচএম এরশাদ-রওশন এরশাদ দম্পতি, রাশেদ খান মেনন-লুত্ফুন্নেসা দম্পতি ও লক্ষ্মীপুরের স্বতন্ত্র এমপি শহিদ দম্পতি। জাপা চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচএম এরশাদ ও তার পত্নী রওশন দশম সংসদেরও সদস্য ছিলেন, রওশন এবারও সরাসরি ভোটে নির্বাচিত। ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন আগেও সংসদ সদস্য থাকলেও তার স্ত্রী লুত্ফুন্নেসা বেগম বিউটি এবারই প্রথম সংরক্ষিত আসনে এমপি হয়েছেন। আর শহিদ দম্পতি দু’জনই এবার প্রথমবারের মতো এমপি।
