বরিশালে লঞ্চের টিকিটের দুই দালালের কারাদণ্ড

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৭

বরিশাল নদী বন্দর এলাকায় লঞ্চের টিকিট কালোবাজারী করার অপরাধে দুই দালালকে দুইমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শুক্রবার রাতে বরিশাল নদী বন্দর এলাকায় জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বাবু খান ও জাহিদ খান।

নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার জানান, শুক্রবার রাতে বরিশাল নদী বন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাবু খান ও জাহিদ নামের দুই দালালকে আটক করেন। পরে তাদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়।

সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাবুকে পারাবাত লঞ্চের ডাবল কেবিন নির্ধারিত ১৮শ’ টাকার পরিবর্তে ছয় হাজার টাকায় বিক্রি করার অপরাধে এবং জাহিদকে সুন্দরবন লঞ্চের টিকিট সাথে রেখে যাত্রীদের সঙ্গে প্রতারণা ও নির্ধারিত ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়ায় কেবিন বিক্রির সময় হাতে নাতে আটক করা হয়।