ষড়যন্ত্র এখনো শেষ হয়নি :আইনমন্ত্রী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। এই যে ঘুমানো চক্র (জাতীয় ঐক্যফ্রন্ট) দেখছেন, তারা কিন্তু একটি জিনিসই পারেন, তা হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও তারা একইভাবে ষড়যন্ত্র করছে।’ তিনি বলেন, যারা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কিন্তু বঙ্গবন্ধুর পাশে থেকেও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। গতকাল শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নেপথ্যে কারা ছিলেন তাদের চিহ্নিত করতে একটি কমিশন দরকার। আজকে তাদের চেহারা ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। আমরা সেই কমিশনও জনগণকে উপহার দেব যাতে ইতিহাস ঠিকভাবে লিখিত হয়। বিকৃত ইতিহাস যেন আমাদের ভবিষ্যত্ প্রজন্মকে আর পড়তে না হয়।

আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ নূর মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রমুখ।