কুমিল্লায় আরেকটি ভবনে আগুন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪

কুমিল্লায় ফের আরও একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর ঝাউতলা এলাকায় চৌধুরী ম্যানশন নামের একটি বহুতল ভবনের ৪র্থ তলার একটি কক্ষে শনিবার বিকাল সোয়া ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই ঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ওই কক্ষটিতে একই ভবনের নীচতলা ভাড়া নেওয়া কুইন্স বিউটি পার্লারের লোকজন থাকত এবং ওই কক্ষে পার্লারের বিভিন্ন সামগ্রী রাখা হতো। কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনা গেছে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে একই এলাকার মুন হসপিটাল নামের একটি প্রাইভেট হাসপাতালের ৯ম তলার প্যাথলজি বিভাগের একটি কক্ষে আগুন লেগে একজন স্টাফের দেহ পুড়ে ৫০ ভাগ দগ্ধ হয় এবং এ ঘটনার আতঙ্কে সিঁড়ি বেয়ে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে কমপক্ষে ১০জন আহত হয়।