উত্তরায় বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় তানভীর (১৩) নামে এক কিশোর মারা গেছে। শনিবার বিকালে উত্তরার পশ্চিম থানাধীন ১০ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তানভীরের মামা সবুজ জানান, তিনি উত্তরা ১০ নম্বর সেক্টরে ক্যানসার হাসপাতালের পাশে একটি বাসায় থাকেন। কিছুদিন আগে কুমিল্লার দাউদকান্দি থেকে তানভীর তার বাবা লাল মিয়ার সঙ্গে তাদের বাসায় বেড়াতে আসে। গতকাল বিকালে তানভীর বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাত্ একটি বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানভীর একটি মাদ্রাসায় লেখাপড়া করতো।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাদেক জানান, দু’টি যাত্রীবাহী বাস একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে অতিক্রম করার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই কিশোরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। বাস দু’টি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেওয়া হবে।