মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, মার্কিন দুই সাংবাদিক ও একজন ব্রিটিশ সাহায্যকর্মীকে যে মুখোশধারী জঙ্গি শিরশ্ছেদ করেছে, তার পরিচয় জানা গেছে। তবে, সেই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয় নি।
অন্যদিকে, ব্রিটেনের কর্মকর্তারা জানিয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট শিরশ্ছেদ করে সেই হত্যাকাণ্ডের যে দৃশ্য ভিডিওতে প্রচার করেছে তাতে ঐ মুখোশধারী ব্যক্তি ব্রিটিশ নাগরিক বলেই মনে হচ্ছে।
বিবিসি বাংলা শুক্রবার জানায়, এফবিআই এর পরিচালক জেমস কোমি বলেছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় আইএস এর এই জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। এই ব্যক্তি ব্রিটিশ উচ্চারণে কথা বলে।
মার্কিন সাংবাদিক জেমস ফলি ও স্টিভেন সটলফ এবং ব্রিটিশ সাহায্যকর্মী ডেভিড হেইন্সকে শিরশ্ছেদ করার ভিডিওগুলোতে আইএস এর একজন জঙ্গিকে দেখা গেছে।
কালো পোশাক পরিহিত মুখোশধারী সেই ব্যক্তি হাতে ছুড়ি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেছিল।
আইএস সর্বশেষ যে ভিডিও প্রকাশ করেছে সেখানে আরেক ব্রিটিশ নাগরিক এলান হেনিং এর প্রাণনাশেরও হুমকি দেয়া হয়েছে।
একদিকে, ধারণা করা হচ্ছে, শনাক্তকৃত এই জঙ্গি একজন ব্রিটিশ নাগরিক।
অন্যদিকে, সিরিয়া ও ইরাকে ইসলামি জঙ্গিদের সাথে জিহাদে তিন হাজারের বেশি ইউরোপিয়ান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন ইয়োরোপীয় ইউনিয়নের সন্ত্রাস বিরোধী কার্যক্রমের সমন্বয়ক গিলস ডে কেরচোভ।
তিনি বলেন, ইসলামিক স্টেট ঐ অঞ্চলে একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার ঘোষণা দেবার পর থেকে জিহাদে অংশ নিতে যাওয়া ইয়োরোপীয়দের সংখ্যা বাড়ছে।
