ঈদুল আজাহা ও পূজাকে সামনে রেখে ধামইরহাট থানা ও পৌরসভা শহরের বিভিন্ন হাট-বাজারে জাল টাকার আতঙ্ক দেখা দিয়েছে। ক্রেতা-বিক্রেতা ৫’শ ও ১ হাজার টাকার নোট দেখলেই সন্দেহ প্রকাশ করছেন। প্রতিনিয়ত ব্যবসায়ীদের হাতে আসছে জাল টাকার নোট। পুলিশের ঝামেলা এড়াতে অনেকেই আগুনে পুড়িয়ে ফেলছেন। শহরের দোকানপাট ও হাট-বাজারগুলোতে ক্রেতারা ৫’শ ও ১ হাজার টাকার নোট দিলে বিক্রেতারা টাকা আসল না নকল তা শনাক্ত করতে পড়েন বিপাকে। অনেকেই আবার আসল ও নকল নোট চিনার জন্য স্থানীয় ব্যাংকগুলোর সহায়তা নিচ্ছেন। আইনি জটিলতা এড়াতে জাল টাকা হাতে পাওয়া মাত্রই ব্যবসায়ীরা তা বিনষ্ট করে ফেলেন। জাল টাকার নোটগুলো প্রাথমিক ভাবে আসল না নকল ধরা কষ্টকর হয়ে পড়ে। এ কারণে যেমন বিড়ম্বনার শিকার হচ্ছেন সবাই তেমনি ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে। আর সুযোগ সন্ধানী জাল টাকার কারবারীরা সুকৌশলে বাজারে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে।
ভুক্তভোগীরা জানান, ১’শ, ৫’শ, ১ হাজার টাকার জাল নোট বেশ দেখা যাচ্ছে। জাল টাকার নোট আসল না নকল তা চিনতে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা বিপাকে পড়ছেন। ঈদ ও পূজার আগে হাট-বাজারগুলোতে জাল টাকার কারবারী চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে অনেকেই মনে করেন।
