চীনে ৪ স্কুল শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৪, ১৩:৩৯

চীনের দক্ষিণাঞ্চলে শুক্রবার এক ব্যক্তির ছুিরকাঘাতে প্রাথমিক স্কুলের চারশিশু নিহত হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়া স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, চীনের দক্ষিণাঞ্চলের স্বায়ত্তশাসিত গুয়াংজি ঝুয়াং এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। শিশুরা তখন স্কুলে যাচ্ছিল। খবর এএফপি’র।
লিংশান কাউন্টির নিরাপত্তা ব্যুরোর বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, কাউন্টির পিংশান শহরে এ হামলা চালানো হয়।
প্রতিবেদনে আরো বলা হয়, এই ঘটনায় ঘটনাস্থলেই শিশুদের তিনজন নিহত হয়। অপর শিশুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর সে মারা যায়।
হামলাকারী একজন মধ্যবয়সী ব্যক্তি। পুলিশ অপরাধীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে।
উল্লেখ্য, একটি প্রাথমিক বিদ্যালয়ে সেপ্টেম্বর মাসের গোড়ার দিকে এক ব্যক্তির কন্যা শিশুকে ভর্তি করতে অস্বীকার করায় সে ছুরিকাঘাতে তিন শিশু ও এক শিক্ষককে খুন ও বেশ কয়েকজনকে আহত করে।
শুধু ২০১০ সালেই এ ধরনের পাঁচটি হামলা সংঘটিত হয়। এতে ১৫ শিশুসহ ১৭ জন নিহত ও ৮০ জনের বেশি লোক আহত হয়।