ইসলামিক স্টেটে (আইএস) এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি ইউরোপীয় যোগদান করেছে। ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসবাদবিরোধী কার্যক্রমের প্রধান গিলস ডি কারচভ এ তথ্য জানিয়েছেন। এই তিন হাজারের মধ্যে যুদ্ধে নিহত ও আইএস ছেড়ে ফিরে আসা ব্যক্তিরাও রয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর আল জাজিরা ও বিবিসির।
চলতি বছরের শুরুতে আইএসে যোগ দেওয়া ইউরোপীয়র সংখ্যা দুই হাজারের মতো বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল। কারচভ জানান, চলতি বছরের জুনে আইএসের খিলাফত ঘোষণা ইউরোপে তাদের সমর্থন বাড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘ওই তিন হাজারের বেশি ইউরোপীয় নাগরিকের মধ্যে যারা সেখানে নিহত হয়েছে এবং যারা ফিরে এসেছে, তাদেরও ধরা হয়েছে। এর আগে ধারণা করা হয়েছিল, আইএসে প্রায় দুই হাজার ইউরোপীয় যোগ দিয়েছে।’ আইএস দমনে সিরিয়া ও ইরাকে পশ্চিমা শক্তির বিমান হামলা ইউরোপে প্রতিশোধমূলক হামলার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
এরই মধ্যে আইএস জঙ্গিরা যুক্তরাষ্ট্র ও প্যারিসে হামলা চালানোর পরিকল্পনা করছে— এমন গোয়েন্দা তথ্য থাকার দাবি করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আব্বাদি। তবে মার্কিন ও ফরাসি কর্মকর্তারা তার এই দাবির সমর্থনে কোনো প্রমান খুঁজে পাননি বলে জানিয়েছেন। আব্বাদির দাবিটি দেশ দু’টির নিরাপত্তা, গোয়েন্দা এবং ট্রানজিট কর্মকর্তাদের একই সঙ্গে বিস্মিত এবং উদ্বিগ্ন করে তুলেছে।
