বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করা হলে তা গণতন্ত্রের জন্য অশুভ পরিণতি ও সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বয়ে আনবে। এমন ঘটনা ঘটলে বাংলাদেশের ইতিহাসে তা কালো অধ্যায় হয়ে থাকবে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে ধানের শিষ সমর্থক ফোরাম আয়োজিত ‘ষড়যন্ত্রের কবলে জিয়া পরিবার:দেশপ্রেমীক নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, সরকার বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছেন।
তিনি আরো বলেন, ২০ দল ভেঙে দল ভাঙার নতুন খেলা চলছে। আওয়ামী লীগ ২০ দলের অনেককেই নিজেদের দলে ভেড়াতে চাইছে। তিনি বলেন, দলছুটদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন বিএনপির কোনো ক্ষতি করতে পারবে না।
ধানের শীষ সমর্থক ফোরাম এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মাওলানা শোয়েব আহমেদ, ব্যারিস্টার পারভেজ আহমেদ,ব্যারিস্টার রুহিন ফারহানা বক্তব্য দেন।
