সকালে বা বিকেলে, চটজলদি নাস্তার আয়োজন করতে গিয়ে প্রায়ই মনে হয়—কী করা যায়? এমন দ্বিধা কাটাতে সহজ কিন্তু সুস্বাদু তিনটি খাবারের রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
স্টাফ পরোটা
উপকরণ :২ কাপ বা ২.২৫ গ্রাম আটা, পানি পরিমাণমতো, ঘি, লবণ স্বাদমতো।
পনিরের স্টাফিং তৈরি করতে লাগবে :পনির ২০০ গ্রাম, ডিম পোচ ৪টি, ২টি কাঁচামরিচ কুঁচি, শুকনো মরিচ গুঁড়া ১/২ চা চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা চামচ, আমচুর পাউডার ১/২ বা ৩/৪ চা চামচ, লবণ স্বাদমতো, তেল বা ঘি।
প্রণালি :প্রথমে একটি পাত্রে পরিমাণমতো পানি, লবণ ও ঘি দিয়ে ভালো করে আটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে পাত্রটি ঢাকা অবস্থায় ২০ থেকে ৩০ মিনিটের জন্য রেখে দিন। আটা মাখা হয়ে গেলে পনিরের স্টাফিং তৈরি করতে হবে। একটি পাত্রে প্রথমে পনিরটিকে কুঁচি কুঁচি করে নিতে হবে। এবার তার সাথে শুকনো মরিচ গুঁড়া, আমচুর পাউডার, মরিচ কুঁচি, গরম মসলা গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলেই পনিরের স্টাফিং তৈরি হয়ে যাবে।
এবার রুটি করার জন্য আমরা যেমন আটার গুলি বানাই, সেরকম দুটি গুলি বানিয়ে আলাদা আলাদাভাবে অল্প বেলে নিন। এবার বেলে নেওয়া একটি অংশে পনিরের স্টাফিং ও ১টি করে ডিম পোচ দিয়ে ওপর বেলা অংশটি দিয়ে ঢেকে আবার বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে এই সময় যাতে পনিরের স্টাফিং বাইরে বেরিয়ে না যায়। এবার তাওয়া গরম করে নিয়ে তাতে স্টাফ করা পনির পরোটা তাওয়ায় দিতে হবে। তবে গরম না হতেই পরোটা ভাজার জন্য দিলে তা নষ্ট হয়ে যেতে পারে। এবার একপাশ কিছুটা ভাজা হলে পরোটা উল্টে দিয়ে তাতে এক চামচ ঘি বা তেল মাখিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে আবার উল্টে দিতে হবে। এবার উল্টো পিঠেও সমানভাবে তেল বা ঘি মাখিয়ে নিয়ে আবার উল্টে দিতে হবে। ভালো করে পরোটার দুপাশ ভাজা হলে নামিয়ে নিতে হবে। একইভাবে বাকি পরোটা ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আপনার স্টাফ পরোটা।
ভেজিটেবল স্প্রিং রোল
উপকরণ :সবজি (গাজর, পেঁপে, আলু, বাঁধাকপি, ফুলকপি) ভাপিয়ে নেওয়া ২ কাপ, ময়দা আধা কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, লবণ আধা চা চামচ, চিনি আধা চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, সয়াসস ১ চা চামচ, সয়াবিন তেল পরিমাণমতো, রসুন বাটা ১/২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, ডিম ১টি, পুঁদিনা/পেঁয়াজ পাতা কুঁচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ২ চা চামচ।
প্রণালি :ময়দা, লবণ, চিনি, ডিম ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে খামির তৈরি করুন। এই খামির থেকে লেচি কেটে খুব পাতলা রুটি বেলুন। সেই রুটিগুলো তাওয়ায় দিয়ে গরম করুন। সেঁকবেন না, কিংবা রুটিতে কোনো দাগ পড়বে না। স্রেফ গরম করুন রুটির কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত। (যারা রুটি বেলার কষ্ট করতে চান না, তারা বাজার থেকে স্প্রিং রোল শিট কিনে নিতে পারেন। দেশীয় কোম্পানির স্প্রিং রোল শিট পাবেন ১৫০ থেকে ২০০ টাকায়। এক প্যাকেটে অনেকগুলো তৈরি করা যাবে। কড়াইয়ে তেল দিয়ে রসুন, আদা, সবজি, টেস্টিং সল্ট, সয়াসস, পেঁয়াজকুঁচি, গোলমরিচের গুঁড়া, পুদিনা পাতা কুঁচি, লবণ ও চিনি দিয়ে একটু নেড়ে নিন। পানি দেবেন না। ভালো করে ভাজা ভাজা করে নিন। এরপর পাতলা রুটির মধ্যে পুরের মতো করে সবজি দিয়ে লম্বা লম্বা রোল তৈরি করুন। একটি গোল রুটি নেবেন, লম্বা করে খানিকটা পুর বিছিয়ে রুটির দুপাশ মুড়ে নেবেন। তারপর সুন্দর করে রোল করে শেষ প্রান্ত আটকে দেবেন গোলানো ময়দা দিয়ে। কড়াইয়ে ডুবো তেল দিয়ে বাদামি করে ভেজে পরিবেশন করুন এই রোল।
ভেজিটেবল কাটলেট
উপকরণ :১টি গাজর ও ২টি বরবটি মিহি করে কাটা, ও ১ মুঠো মটরশুঁটি সব মিলিয়ে ১ কাপ, ৩টি সিদ্ধ আলু ভর্তা করে নেওয়া, পেঁয়াজ কুঁচি ৪ টেবিল চামচ, ২টি কাঁচা মরিচ কুঁচি, আদা কুঁচি ১ টেবিল চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, পুদিনাপাতা কুঁচি ১ টেবিল চামচ, লবণ আধ চা চামচ, ময়দা ৪ টেবিল চামচ, ওটস ১ কাপ, তেল ৬ টেবিল চামচ।
প্রণালি :১ কাপ ফুটন্ত পানিতে সবজিগুলো ৩ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। আলু চটকে নিন। প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ, মরিচ ও আদা কুঁচি ভেজে নিন ১ মিনিট, এবার সিদ্ধ সবজিগুলো দিয়ে আরও ৪/৫ মিনিট ভেজে আলু ভর্তার সাথে মিশিয়ে লবণ, গুঁড়া মরিচ, চালের গুঁড়া ও পুদিনা পাতা একত্রে মিশাতে হবে। মিশ্রণটি ৬ ভাগে ভাগ করে ৬টি গোল চপের শেপ করে রাখুন। ময়দার সাথে হাফ কাপ পানি দিয়ে গুলে পাতলা কাই করে নিন। আরেকটি প্লেটে ওটস ছড়িয়ে নিন। গোল চপগুলো এখন ময়দার পাতলা কাইয়ে ডুবিয়ে ওটসে গড়িয়ে নিন এবং কাটলেটের শেপ দিন হাতের তালুতে নিয়ে। কাটলেটগুলো ভাজার আগে ১ ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। বাকি তেল গরম করে কম আঁচে একটু সময় নিয়ে কাটলেটগুলো বাদামি করে ভেজে গরম গরম পরিবেশন করুন।
