মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শুক্রবার যাত্রীশূন্য একটি বাসে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এসব মাদক সরবরাহের অভিযোগে ওই বাসের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বাসচালক বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মামুন হোসেন (২৯) ও তাঁর সহকারী খুলনার বটিয়াঘাটা উপজেলার মাথাভাঙ্গা গ্রামের আলামিন হোসেন (৩২)।
শিবালয় থানার পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, দুর্গোৎসব ও ঈদুল আজহা কাছাকাছি সময়ে হওয়ায় ঢাকায় ঢুকতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া ঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের যাত্রীশূন্য একটি বাসে ঘাট এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসের ভেতর ও বক্সে থাকা বস্তাভর্তি বিয়ারের চার হাজার ৩০০ ক্যান এবং ৪৮টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় ওই বাসের চালক ও সহকারীকে আটক এবং বাসটি জব্দ করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, এসব অবৈধ মদ কুমিল্লার লাকসাম থেকে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে নেওয়া হচ্ছিল। ওই বাসের মালিক মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলেও তাঁরা জানান। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।