একমাস মাঠের বাইরে নাসরি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০২



কুচকিতে অস্ত্রোপচার করতে হবে ম্যানচেস্টার সিটির ফ্রেঞ্চ মিডফিল্ডার সামির নাসরির। এজন্য তাকে অন্তত একমাস খেলার বাইরে থাকতে হবে বলে মনে করছেন দলীয় কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি।
এ ইনজুরির কারণেই বুধবার সেফিল্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে সিটির হয়ে খেলতে পারেননি নাসরি। ম্যাচে তার দল ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করে। আর্সেনালের সাবেক এই ২৭ বছর বয়সী তারকা যে গতকাল শনিবারের লিগ ম্যাচে অংশ নিতে পারবেন না সেটিও আগেভাগে জানিয়ে দেন পেলিগ্রিনি।
সিটি কোচ বলেন, ‘আমি চিকিৎসক নই। তবে এটি বুঝতে পারছি যে আগামী অন্তত একমাস তিনি মাঠে নামতে পারছেন না। যদিও তিনি দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তবে শতভাগ ফিটনেসে ফিরতে পারছেন না। তিনি কোনভাবেই স্বস্তিবোধ করছেন না। অবশ্য ডাক্তারই শেষ পর্যন্ত তার ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’