কালীগঞ্জে গৃহবধূ খুন, স্বামী ও শাশুড়ি আটক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৪, ১৯:২৪
 
 
 
 
 
গাজীপুরের কালীগঞ্জে যৌতুকের দাবীতে কোহিনুর বেগম (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার পুলিশ নিহতের স্বামী জাকির হোসেন ও শাশুড়ি হেনা বেগমকে আটক করেছে। কোহিনুর কালীগঞ্জ উপজেলার বক্তারপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জাকির হোসেনের সাথে মাজুখান গ্রামের মো. একাব্বর হোসেনের মেয়ে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিন বছর পূর্বে কোহিনুর বেগমের সঙ্গে জাকিরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে কোহিনুর বেগমকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন প্রায়শঃ নির্যাতন করে আসছিল। যৌতুক না দেয়ায় শুক্রবার রাতে কোহিনুর বেগমকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বেধড়ক মারধোর করে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। জিহাদ (২) নামে নিহতের একটি পুত্র সন্তান রয়েছে। খবর পেয়ে শনিবার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করেছে।