উত্তর কোরিয়ার বর্তমান প্রধান নেতা কিম জং-উন ‘অসুস্থ’ হয়ে পড়েছেন। গতকাল উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ কথা বলা হয়। অসুস্থতার কারণে তিনি গত বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত হতে পারেননি। ফলে তিনি কোথায় ও কেমন আছেন—এই প্রশ্ন ওঠে। গত মার্চে এসপিএর শতভাগ ভোট পেয়ে দেশটির নেতা নির্বাচিত হন কিম।
কিম জং-উন সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত রোদোং সিনমান পত্রিকার এক সচিত্র প্রতিবেদন অনুযায়ী ওই সংগীতানুষ্ঠানে সামনের সারিতে তাঁর স্ত্রী রি সোল-জুকের পাশে বসেছিলেন। এর আগে কারখানা ও সামরিক ইউনিট পরিদর্শনকালে অস্বাভাবিক মোটা কিমকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
