লালমনিরহাটের পাটগ্রামে সেলিনা বেগম (২৫) নামে এক অন্তঃসত্ত্বকে জবাই করে হত্যা করা হয়েছে। উপজেলার ভারতীয় ১৬ নম্বর মধ্যইসলামপুর ছিটমহলে রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। সেলিনার আরো দুইটি সন্তান রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার আনুমানিক রাত দুইটার দিকে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে সেলিনাকে জবাই করে। এসময় পাশে থাকা সেলিনার সন্তান সেলিম (৬) ও শাহজামাল (৩) চিৎকার করলে তাদের মুখে কাপড় চাপা দেয়া হয়। এলাকাবাসীর ধারণা স্বামীর পরকীয়া ঘটনায় এই ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে সেলিনার স্বামী রুবেলের সাথে কথা বললে তিনি জানান, আমি কাজে রংপুরে গিয়েছিলাম, হত্যার ব্যাপারে কিছু জানি না।
পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল হক জানান, এটি যেহেতু ভারতীয় ছিটমহলের ঘটনা তাই ভারতীয় প্রশাসন ও পুলিশ ব্যবস্থা গ্রহণ করবেন। তবে, বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শফিউল আলম শফি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা দেখছি। প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
