যুক্তরাষ্ট্রে ফিনিক্স বিমানবন্দর ঝড়ে ক্ষতিগ্রস্ত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৪:৪২

শক্তিশালী ঝড়ের আঘাতে শনিবার ফিনিক্স আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রয়েছে। এক টুইটার বার্তায় এ তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, প্রায় হারিকেনের মতো শক্তিশালী এ ঝড় যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এ নগরীর বিমানবন্দর টার্মিনালে আঘাত হানে।
মার্কিন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ঝড়ের আঘাতে ফিনিক্স স্কাই হারবার বিমানবন্দরের ক্ষতি হওয়ায় সেখানে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়। ঝড়ে বিমানবন্দরের ছাদ ও কয়েকটি দেয়ালের ক্ষতি হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, এক ঘণ্টারও কম সময় পর স্কাই হারবার বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হলেও ওই বিমানবন্দর অভিমুখী ৩০টিরও বেশি ফ্লাইট অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হয়।