কিশোরগঞ্জে শাশুড়ি খুনের দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৫:৪১

শাশুড়ি খুনের দায়ে পুত্রবধূ জেসমিন আক্তার ওরফে শিল্পী আক্তারকে যাবজ্জীবন কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদ- প্রদান করা হয়। তাছাড়াও লাশ গুমের দায়ে দোষী সাব্যস্ত করে দ-বিধির ২০১ ধারায় তাকে আরো পাঁচ বছর সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদ- প্রদান করা হয়। জেসমিন আক্তার পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রবিবার কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ. ম মো. সাঈদ এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে প্রকাশ, ভৈরব উপজেলার কমলপুর গ্রামের জাকির আহমদ মিয়ার স্ত্রী জেসমিন আক্তার ওরফে শিল্পী আক্তারের সঙ্গে তার পক্ষাঘাতে আক্রান্ত শাশুড়ি আছমা আক্তারের প্রায়ই কলহ হত। ২০১৩ সালের ১৮ নভেম্বর বেলা সাড়ে এগারোটায় বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে কথা কাটাকাটির একপর্যায়ে  ধারালো বটি দিয়ে জেসমিন আক্তার তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করে। পরে লাশ দুই টুকরা করে একটি চটের বস্তায় ভরে গোছলখানায় রেখে দেয়। ঘরের দরজায় তালা দিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশের হাতে ধরা পড়ার পর জেসমিন আক্তার ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে জামিনে গিয়ে সে পলাতক হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।