ফু ড জো ন

রোল এক্সপ্রেস ক্যাফে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ১৭:৫১

ধানমন্ডির সাতমসজিদ রোডে গড়ে উঠেছে নানা স্বাদের খাবারের রেস্টুরেন্টের ভিড়। রোল এক্সপ্রেস, নামেই আঁচ করা যাচ্ছে নানা স্বাদের রোলের দেখা মিলবে এখানে। বিশেষ তেলে ভাজা রোলের র্যাপ, তার ভিতর পুরে দেওয়া জিভে জল আনা সব আইটেম। সেই সাথে তাদের নিজেদের বানানো স্পেশাল রেসিপির সস। একারণেই রোল এই ক্যাফের এক নম্বর খাবার! পাশাপাশি রয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু পদ; যেমন :দোসা, রাজ কচুরি।

রোল এক্সপ্রেসের এই খাবারগুলো উপভোগ করতে আপনাকে আসতে হবে ধানমন্ডির কেবি স্কয়ারে। সাতমসজিদ রোডের এই ভবনের প্রায় প্রতি তলাতেই খাবারের আয়োজন আছে। লেভেল ৩-এ রোল এক্সপ্রেসের অবস্থান। ক্যাফের ভিতরের পরিবেশটা এমন যে ঢুকেই কতক্ষণ গা এলিয়ে বসে থাকতে ইচ্ছে করে। সাজগোজটাও এমন করে করা যে সঙ্গী-সাথি নিয়ে গল্প করতে করতে বেশ খাওয়া যায়। ৬০ জনেরও বেশি মানুষকে একসাথে আতিথ্য দিতে পারে রোল এক্সপ্রেস। খানিক বসলেই টের পাবেন খাওয়ার সঙ্গে জমজমাট আড্ডাটা এখানে দুর্দান্ত পাওনা।

মেন্যুর দিকে খেয়াল করলে দেখবেন। রোলের এক লম্বা লিস্ট আসবে আপনার হাতে। সবকিছুই যেন রোলের মাঝে সন্নিবেশ করা হয়েছে। চিকেনের নানা রকম উপস্থাপন রয়েছে, সেই সাথে ডিম বা পনিরের যোগ রয়েছে কোনো কোনোটিতে। আর এগুলোর দাম শুরু হয়েছে ১৫০ টাকা থেকে। এখানকার পনির রোলটাও বেশ জনপ্রিয়, রয়েছে চিকেন হারিয়ালি রোল, চিকেন টিক্কা রোল। ৩০০ টাকার মধ্যেই ৩২ রকম রোল থেকে পছন্দসই রোলটা পরখ করে দেখতেই পারেন। ভেজিটেরিয়ান হলে আপনার জন্যও থাকবে স্পেশাল চয়েজ! রোল এক্সপ্রেস ক্যাফের কেরামতি কিন্তু এখানেই শেষ নয়। রোলের বাইরেও এখানে আরও দুর্দান্ত দুর্দান্ত সব পদ মেলে। হালকা আড্ডায় তাদের টুনা স্যান্ডউইচের সাথে মাসালা চা বা কফিটাও জমবে বেশ। একটা পদের কথা তো না বললেই নয়। কেননা নামটা হলো রাজ কচুরি ও দোসা। দক্ষিণ ভারতের জনপ্রিয় এই খাবারগুলো দারুণভাবে তৈরি করছে রোল এক্সপ্রেস। অনেকেই নিয়মিত এখানে এই খাবারগুলোর জন্যই আসে জানালেন ব্যবস্থাপক রাইয়ান হাসান। মাসালা দোসাটা দেখতে যেমন, স্বাদও তেমন। চিকেনের সাথে মাসালা দোসা খেয়ে দেখতে পারেন। যারা এর বাইরে পেট পুরে খেতে চান, তাদের পছন্দ বিরিয়ানি। সুস্বাদু রাইতার সাথে হায়দারাবাদি বিরিয়ানি রয়েছে তাদের। আর রাইস মেন্যুগুলো ১৯৯ থেকে শুরু করে ৩৯০ টাকায় পাওয়া যাবে।

মাঝে মাঝে বেশ কিছু অফারও থাকে রোল এক্সপ্রেসে সেগুলোর খবর পেতে খোঁজ রাখুন তাদের ফেসবুক পেজে। এ ছাড়াও সপ্তাহে যে কোনোদিন সকাল ১১টা থেকে রাত ১০টা ৩০ পর্যন্ত রোল এক্সপ্রেস ক্যাফে খোলা থাকে। পরিবার বা বন্ধুদের সাথে দারুণ কিছু সময় কাটাতে ঘুরে আসতে পারেন রোল এক্সপ্রেসে।