গাজীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ২২:০৪
 
গাজীপুর মহানগরের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার মেগা ইয়াং ডাইং কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আনোয়ার হোসেন (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে এই অগ্নিকাণ্ড ঘটে। আনোয়ার ঐ কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি টঙ্গীর মন্নুনগর এলাকায়।
ফায়ার সার্ভিসের হেডকোয়াটারের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ইসলাম আনোয়ারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর তিনটার দিকে ঐ কারখানার চার তলার সুতার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা পুরো ফোরের ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, সাভারের ইপিজেড, ধামরাইসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর চলে ড্যাম্পিংয়ের কাজ। আগুনে কারখানার গুদামে থাকা বেশ কিছু সুতা ও কাপড় পুড়ে যায়।
এদিকে আনোয়ার হোসেন নামে এক শ্রমিককে আহতাবস্থায় উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে  গাজীপুরের সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে আনোয়ার হোসেনের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।