গাজীপুরে পোশাক শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ১৭:১০
 
বেতন ভাতা পরিশোধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে কর্মবিরতি, বিক্ষোভ, কারখানা ও কয়েকটি গাড়ি ভাংচুর করেছে একটি কারখানার পোশাক শ্রমিকরা। রবিবার দুপুরে মৌচাক এলাকার এটিএস এ্যাপারেলস নিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল নেমে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: রফিকুল ইসলাম জানান, বেতন ভাতা পরিশোধের দাবিতে এটিএস এ্যাপারেল্স নিমিটেড শ্রমিকরা দুপুর একটার দিকে কারখানার অভ্যন্তরে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে তারা পাশ্ববর্তী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, বেতন পরিশোধের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা বৈঠক চলছে।