আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদকে ‘স্মরণকালের শ্রেষ্ঠ বেয়াদব’ আখ্যায়িত করে বলেছেন, ‘উনি কে? কী ছিলেন? মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? উনি কী ভাবে নেতা হয়েছেন—সে সব ইতিহাস আমার জানা আছে। তার আস্ফাালন ও চরম বেয়াদবি আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি।’ রবিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের পশ্চিম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৮তম জন্মদিন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
একই স্থানের পূর্বপাশেই শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ। সাজেদা চৌধুরী যখন বক্তব্য রাখছিলেন ঠিক একই সময় মোটরচালক লীগের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। বক্তব্য শুরু করতে গিয়ে সাজেদা চৌধুরী অপর পাশের মাইকের শব্দ শুনে বিব্রত হন। যন্ত্রণা ও বিরক্তির সুরে তিনি বলেন, ‘জামায়াতি কায়দায় পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ অতীতে করেনি, এখনো আশা করে না। ভবিষ্যতে ধানমন্ডি ৩২ নম্বরে কখনো পাল্টাপাল্টি অনুষ্ঠান হবে না। হাছান মাহমুদকে উদ্দেশ করে সাজেদা চৌধুরী বলেন, এখন নতুন নতুন নেতা জন্মে বেয়াদবি শুরু করেছে। তবে এ ধরনের বেয়াদবি কখনো সহ্য করব না।’
এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতারা অনুষ্ঠান থেকে দৌড়ে মোটর চালক লীগের অনুষ্ঠানে গিয়ে বিষয়টি জানালে হাছান মাহমুদ বক্তব্য বন্ধ করে দেন। পরে স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠান শেষ হলে হাছান মাহমুদ আবার বক্তব্য রাখেন। মোটর চালক লীগের অনুষ্ঠান শেষে সাজেদা চৌধুরীর বক্তব্য বিষয়ে হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি কোনো কথা না বলে চলে যান।
স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। সাজেদা চৌধুরী বক্তব্য শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন। অন্য দিকে, মোটর চালক লীগের অনুষ্ঠানে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ। প্রধান অতিথি হাছান মাহমুদের বক্তব্য শেষে ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী দোয়া মোনাজাত করেন।
অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে বিএনপি এখন দেশ-বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকায় তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।
