আবারো কানাডায় অভিবাসীবিরোধী প্রচারপত্র

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫৩

অভিবাসীদের লক্ষ্য করে বিলি করা অভিবাসনবিরোধী প্রচারপত্র আবারো পাওয়া গেছে টরন্টো'র ব্রাম্পটনে। প্রচারপত্রে ইমিগ্রেশন ওয়াচ কানাডা নামে একটি সংগঠনের নাম লেখা রয়েছে। গত এপ্রিলেও ব্রাম্পটনের ওয়েলিংটন স্ট্রিটে একইধরণের প্রচারপত্র বিলি করা হয়েছিল। তাতে লেখা ছিল- ‘অপ্রয়োজনীয় অভিবাসন কানাডাকে ধ্বংস করছে।’ তবে গতবারের স্বীকার করা ব্রিটিশ কলম্বিয়ার এই সংগঠনের মুখপাত্র ড্যান মারে টরস্টার নিউজ সার্ভিসকে এবারের বিলিকৃত প্রচারপত্রের দায়িত্ব অস্বীকার করেছে। প্রচারপত্রে ইমিগ্রেশন ওয়াচ কানাডা নামে একটি সংগঠনের নাম লেখা রয়েছে।
ব্রাম্পটনের আবাসিক এলাকার বাড়ির ডাকবাক্সে ওই প্রচারপত্র পেয়ে ‘হতাশ’ হয়েছেন নিরঞ্জন সিংহ। এক পৃষ্ঠার এই লিফলেটে নীল পাগড়ি পরা একজন শিখের ছবি রয়েছে। ছবির ওপর দিয়ে লাল ক্রস চিহ্ন দিয়ে লেখা রয়েছে, ‘কানাডায় তৃতীয় বিশ্বের লোকেদের ব্যাপক অনুপ্রবেশকে ‘না’ বলুন!’
পুলিশ ওই প্রচারপত্রকে ‘ক্ষতিকর ও আঘাতস্বরূপ’ বলে মন্তব্য করেছে। কনস্টেবল জর্জ টিউডস বলেন, ‘জনগণ এগিয়ে আসার পাশাপাশি পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।’ তবে এই প্রচারপত্রকে বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে ধরে নেয়া যাবে না।