সাতকানিয়ায় অস্ত্র-গুলিসহ শিবির ক্যাডার গ্রেফতার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১২:২৪

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ গতকাল রবিবার অস্ত্র ও গুলিসহ শিবির ক্যাডার নিজাম উদ্দিন ওরফে নেজামকে (৩০)গ্রেফতার করেছে। নেজাম উপজেলার জনার কেঁওচিয়া নয়া পাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিস্ফোরক, নাশকতা ও অস্ত্রসহ ১১টি মামলা রয়েছে। তাছাড়া সাতকানিয়া যুবলীগ কর্মী জব্বার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি নেজাম।

থানা সূত্রে জানা গেছে, রবিবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাজালিয়া বড়দূয়ারা এলাকার একটি দোকান থেকে নেজামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম এমরান ভূঁইয়া জানান, নেজাম একজন শিবির ক্যাডার। তিনি এজাহারভুক্ত ডজন খানেক মামলার আসামি।
 
সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ‘সাতকানিয়া এলাকার অধিকাংশ নাশকতার ঘটনার সাথে নেজাম জড়িত। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’