পুটখালী সীমান্তে শিশুসহ ৪৪ নারী-পুরুষ আটক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১২:৩৪
বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াতের সময় আজ সোমবার ভোর রাতে শিশুসহ ৪৪ বাংলাদেশি নারী-পুরষকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৩৬ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এবং আটজনকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আটক করা হয়।
 
২৩ বিজিবি ব্যাটালিন কমান্ডার আব্দুর রহিম জানান, ভারত থেকে বিপুল সংখ্যক নারী শিশু পুটখালী সীমান্তে দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ১৬ নারী, ১২ পুরুষ ও আটজন শিশুকে আটক করে। এ সময় অপর একটি অভিযানে একই এলাকা থেকে ভারতে যাওয়ার সময় পাঁচ পুরুষ ও তিন নারীকে আটক করে বিজিবি। 
 
আটকদের বাড়ি খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর ও বরগুনা জেলার বিভিন্ন অঞ্চলে। তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোটর্ থানায় মামলা হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অপূর্ব হাসান জানান, আটকদের যশোর আদালতে পাঠানো হবে।