গরু মোটাতাজাকরণ বন্ধে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৩৫
 
 
 
ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করে গরুসহ বিভিন্ন পশু মোটাতাজাকরণ বন্ধে একটি নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠনে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টি বিজ্ঞানী, পশু চিকিত্সক এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে আট সপ্তাহের মধ্যে এই কমিটি গঠন করতে স্বরাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, খাদ্য সচিব ও স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে।
গঠিত কমিটি পরবর্তী আট সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন তৈরী এবং তা মন্ত্রণালয়ে দাখিল করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহকে নিয়ে গঠিত হাইকোর্টের অবকাশকারীন ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। এছাড়া পশু মোটাতাজাকরণে স্টেরয়েড জাতীয় ওষুধ ও নিষিদ্ধ রাসায়নিকের প্রয়োগ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। ছয় সপ্তাহের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে রিট দায়ের করে। ওই রিটে বলা হয়, পশু মোটাতাজাকরণে ব্যবহৃত হরমোন বা রাসায়নিক মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অবিলম্বে এর ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার। আবেদনের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট কমিটি গঠনের নির্দেশনাসহ রুল জারি করে।