রাজশাহী মহানগরীর গৃহবধূ নাসরিন আক্তারকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী ও শাশুড়িকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবু সুফিয়ান এই রায় ঘোষণা করেন। তবে মামলার অপর আসামি, ভিকটিমের ননদ মাসুমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। এছাড়া মামলার চার নম্বর আসামি নিহতের শ্বশুর মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন।
দণ্ডিতরা হলেন—নাসরিনের স্বামী আরিফুজ্জামান ও শাশুড়ি আশা পারভিন। একই সঙ্গে তাদের উভয়কে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আরিফুজ্জামানকে আদালতে হাজির করা হলেও তার মা আশা পলাতক রয়েছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১১ সালের ৩০ অক্টোবর নগরীর শাহ মখদুম থানার বড় বনগ্রাম মহলদার পাড়ার আরিফুজ্জামান তার মা ও বোনের সহায়তায় ১ লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ নাসরিন আক্তারের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা নাজিমুদ্দিন থানায় হত্যা মামলা করেন। ২০১২ সালের ২০ মার্চ আসামীদের বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশীট দেয়। মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় উপরোক্ত রায় ঘোষণা করে আদালত।
