যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চরমপন্থী গ্রেপ্তার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ০১:৩০

রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সভাপতি এবং ঝিকরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হামিদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি, চরমপন্থী নেতা আসাদুল ইসলাম (৩৮) সোমবার গ্রেপ্তার হয়েছেন। আসাদুল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য।

২০০৬ সালের ১৮ অক্টোবর রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আবদুল হামিদ হত্যা মামলার রায়ে আসাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর আগে তিনি গ্রেপ্তার হলেও ২০০৪ সালে জামিনে বেরিয়ে বিদেশ পালিয়ে যান। দীর্ঘ নয় বছর বিদেশে পালিয়ে থাকার পর গত মার্চ মাসে তিনি দেশে ফিরে আসেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় সাদাপোশাকে পুলিশ ঝিকরার মরুগ্রাম বাজারে অবস্থান নেয়। সন্ধ্যার পর আসাদুল মরুগ্রাম স্কুলমাঠে আসেন। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।