অপ্রয়োজনীয় ক্ষেত্রে ভিটামিন সেবন পরিহার করুন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১১:২৭

মার্কিন গবেষকগণ বলেছেন, ভিটামিন জাতীয় ওষুধ পরিহার করতে হবে। কারণ এসব ভিটামিন ওষুধে শরীরে বাস্তবে কোন উপকারে আসে না। আর বিশেষজ্ঞদের মতে ক্যান্সার, হূদরোগ, স্মৃতিভোলা সমস্যা রোধসহ ভিটামিন পিলের কার্যকারিতা নিয়ে যেসব কথা বলা হয় এটার কোন বৈজ্ঞানিক যুক্তি নেই এবং অনেক ক্ষেত্রে ভিটামিন শরীরের জন্য ক্ষতিকর।

 

মার্কিন চিকিত্সকগণ আরও বলেছেন, ভিটামিন সাপ্লিমেন্টের জন্য যে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয় তা নিছক অপচয় ছাড়া আর কিছুই নয়। দ্য এনালস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে এসব তথ্য প্রকাশ করা হয়। রিপোর্টে আরও বলা হয় শুধু যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রয় হয় বছরে ২০ বিলিয়ন মার্কিন ডলারের ভিটামিন সাপ্লিমেন্টস।

 

এদিকে জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ মার্কিন চিকিত্সক ড: লরেন্স অ্যাপেল উল্লেখ করেছেন, যেহেতু ভিটামিন সাপ্লিমেন্টের কোন উপকারিতা নেই তাই এসব পরিহার করা ভালো। এমনকি ইন্টারনাল মেডিসিন জার্নালে আরও উল্লে­খ করা হয়েছে অতিরিক্ত ভিটামিন ই সেবন ক্ষতিকর। বিশেষজ্ঞগণ বরং ভিটামিন সাপ্লিমেন্টের পরিবর্তে প্রচুর সবজি ও ফলমূল আহার, চর্বিযুক্ত ও লবণযুক্ত খাবার কম খাওয়া, খাদ্যশক্তি নিয়ন্ত্রণ ও ফিজিক্যাল অ্যাকটিভিটি বেশি করার পরামর্শ দিয়েছেন।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ