ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে সাজেদা খাতুন সাজু ( ৫০ ) নামে এক নারীকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার ছেলে জিন্নাহ আলমকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটেছে।
শৈলকুপা থানার এস আই এমদাদ হোসেন জানান, মা ও ছেলে বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে মা ছেলেকে চোখ মুখ বেঁধে ফেলে। তারপর অপহরণ করে নিয়ে যেতে থাকে। গ্রামের লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। ছেলে জিন্নাহকে কুপিয়ে আহত করে পরিতোষ চৌকিদারের বাড়ির সামনে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গ্রামবাসী ছেলেকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্র্তি করে। রাতে মাকে খুঁজে পাওয়া যায় নি। মঙ্গলবার সকালে গ্রামের কলা বাগানের ভিতর সাজেদা খাতুনের লাশ পাওয়া যায়। তাকে শ্বাস রোধ করে হত্যার পর কলা গাছের সাথে পিছমোড়া করে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠিয়েছে।
