মংলা (খুলনা) সংবাদদাতা
মংলা বন্দরের পশুর চ্যানেলে কিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার সকালে এটি ডুবে। জাহাজটিতে প্রায় ৬৫০ মেট্রিক টন কিংকার ছিল।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় কার্গো জাহাজ এমভি নয়ন শ্রী-৩ সকালে বন্দরের সেনাকল্যাণ সিমেন্টে ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে পশুর নদীর জয়মনি এলাকায় পৌঁছালে জাহাজটি প্রথমে ডুবোচরে আটকে যায়। ডুবোচরে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে নদীতে ডুবে যায়। জাহাজে থাকা ১৩ জন নাবিক সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হয়।
বন্দরের হারবার মাষ্টার কমান্ডার কে এম আখতারুজ্জামান জানান, কার্গো জাহাজডুবির কারণ এখনও জানা যায়নি।
