পাসপোর্ট-টিকিট আটকে টাকা দাবি, হাতাহাতি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৬:২২

বিদেশগামী এক যাত্রীর পাসপোর্ট ও টিকিট আটকে রেখে টাকা দাবিকে কেন্দ্র করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার তুলকালাম কাণ্ড ঘটেছে। একে কেন্দ্র করে অ্যাভিয়েশন সিকিউরিটি গার্ড ও প্রবাসী কল্যাণ ডেস্ক কর্মকর্তার মধ্যে হাতাহাতির ঘটনায় সেখানের পরিস্থিতি উত্তপ্ত ।
সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আবুধাবী গামী যাত্রী হেনা বেগমের পাসপোর্ট ও টিকিট আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা শিপার আহমদ ও অ্যাভিয়েশন সিকিউরিটির মাসুম বিল্লাহর মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত বিভিন্ন সংস্থার সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
অ্যাভিয়েশন সিকিউরিটির মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, প্রবাসী কল্যাণ ডেস্ক কর্মকর্তা শিপার আহমদ আবুধাবীগামী এক যাত্রীর পাসপোর্ট ও টিকিট আটকে রেখে ৫ হাজার টাকা দাবি করেন। এই অভিযোগ অস্বীকার করে শিপার আহমদ বলেন, ঐ যাত্রীর কাছে কোনো টাকা দাবি করা হয়নি।
তবে ভুক্তভোগী আবুধাবীগামী যাত্রী হেনা বেগম জানিয়েছেন, তার পাসপোর্ট ও টিকিট আটকে রেখে প্রবাসী কল্যাণ ডেস্ক কর্মকর্তা শিপার আহমদ ৫ হাজার টাকা দাবি করেন। পরে প্রায় এক ঘণ্টা পর বিমান ছাড়ার আগ মূহূর্তে বিমান বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে প্রবাসী কল্যাণ ডেস্ক কর্মকর্তার কাছ থেকে আমার টিকিট ও পাসপোর্ট উদ্ধার করে ফিরিয়ে দেন।
এদিকে, প্রবাসী কল্যাণ ডেস্ক, ইমিগ্রেশন বিভাগ প্রায়ই এভাবে যাত্রীদের হয়রানি করে থাকে বলে জানান উপস্থিত কয়েকজন বিদেশগামী যাত্রী। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে সংস্লিষ্ট এক দায়িত্বশীল কর্মকর্তা ইত্তেফাককে জানান, ভোক্তভোগী যাত্রীর জবানবন্দি নেয়া হয়েছে। এখন সামগ্রিক পরিস্থিতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।