নারায়ণগঞ্জে ট্রলার ডুবিতে ১১ গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শীতলক্ষ্যা নদীর তীরে সোনাকান্দা এলাকায় একটি গরুর হাটের লোকজন জোর করে গরু নামানোর সময়ে ট্রলারটি ডুবে গেলে এই ঘটনা ঘটে।
ট্রলারে থাকা গরুর ব্যাপারী আবদুল লতিফ ও হযরত এবং নৌকার মাঝি হালিম জানান, তারা টাঙ্গাইল থেকে গরু আনার সময়ে সোনাকান্দা এলাকাতে আসলে সোনাকান্দা গরুর হাটের লোকজন তাওলাদ, মনির, সুন্দর জাহাঙ্গী, আরমান, ডালিম সহ আরো কয়েকজন মিলে অস্ত্র নিয়ে ঐ ট্রলারটি গতিরোধ করে জোর করে গরুর নামানোর চেষ্টা করে। তখন সন্ত্রাসীদের টানা হেচড়ার সময়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ২৫টি গরু ডুবে গেলে ১৪টি উদ্ধার করা সম্ভব হয়। বাকিগুলোর মৃত্যু ঘটে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নজরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
