‘আওয়ামী লীগকে নির্মূল করার ষড়যন্ত্র সফল হয়নি’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০৩
 
 
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর আওয়ামী লীগকে নির্মূল করার যে ষড়যন্ত্র করা হয়েছিল তা সফল হয়নি।’
মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সাজেদা চৌধুরী বলেন, ‘বাঙালি জাতি যতদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ততদিন থাকবে। কেন না তিনি অমর।’
এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী ও আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির সদস্য সাদিকুর রহমান পরাগ, শাহ মোস্তফা আলমগীর প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. হাছান মাহমুদ।

সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর প্রতিবিপ্লবী শক্তি নানা ভাবে দেশের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করেছিল। তিনি বলেন, তাদের অস্তিত্ব রক্ষার জন্য মিথ্যা ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছিল। এখনও তারা তাদের সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তবে অতীতের মতো এখনও তারা সফল হতে পারবে না।