আমলাদের টয়লেট পরিষ্কারের নির্দেশ, ঝাড়ু হাতে মোদি!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ২০:৪৪
 
 
মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে জাতীয় ছুটির দিনে দেশের সরকারি কর্মকর্তাদের কাজে উপস্থিত হয়ে টয়লেটসহ অফিস পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার ছুটির দিনে দেশব্যাপী এক পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে এ নির্দেশ দেয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করবেন। এ দিন মোদি স্বয়ং ঝাড়ু হাতে রাজধানীর নোংরা সড়ক পরিষ্কার করবেন বলে আশা করা হচ্ছে। এই নির্দেশে সরকারি কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা বলছেন ছুটির দিনে অফিস করার এই অনুরোধ পালন করা তাত্ত্বিকভাবে ঐচ্ছিক হলেও উপেক্ষা করা যাবে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, ‘জাতীয় ছুটির দিনেও আমাকে অফিসে যেতে হবে বলে আমার সন্তানেরা চিন্তিত।’ তবে অপর এক সরকারি কর্মকর্তা এতে বরং উত্ফুল্ল। তিনি বলেন, ভারতের বদ্ধমূল জাতিভেদ প্রথা থেকে মুক্তি পেতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেননা এতে কেবল নিচু জাতের লোকেরাই ঝাড়ু দেয়া বা আবর্জনা পরিষ্কারের কাজ করে থাকে।
বিদ্যুত্ মন্ত্রণালয়ে কর্মরত এ কর্মকর্তা এএফপিকে বলেন, ‘এটি একটি নজিরবিহীন স্যানিটেশন আন্দোলন। হাতে ঝাড়ু নেয়া একটি শক্তিশালী প্রতীক। এতে প্রতীয়মান হয় যে, কোনো কাজই ছোট নয় এবং আমাদের প্রত্যেকেরই ময়লা পরিষ্কারের ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত।’