কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৪:১৭
 
আফগানিস্তানে সেনা সদস্যদের বহন করা বাসে জোড়া আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। বুধ্বার রাজধানী কাবুলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর: এএফপির।
কাবুল পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ফরিদ আফজালি এএফপিকে বলেন, আফগান সেনা সদস্যদের বহন করা গাড়ি লক্ষ্য করে দুইদফা আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। প্রাথমিক খবরে এ দুইটি হামলার একটিতে ছয়জন নিহত হওয়ার কথা বলা হয়। এদের মধ্যে সামরিক ও বেসামরিক লোকজন রয়েছে।
তবে তালেবান দাবি করেছে এ দুই হামলায় কমপক্ষে ২০ সৈন্য নিহত হয়েছে । তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। 
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেন, এ হামলা গোলামি চুক্তি স্বাক্ষর করা দালাল সরকারের জন্য স্পষ্ট বার্তা। এর পর আমরা হামলা আরো জোরদার করব।
প্রায় ১০ হাজার মার্কিন সৈন্যকে আগামী বছরের জন্য আফগানিস্তানে অবস্থানের সুযোগ করে দিতে মঙ্গলবার আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র দীর্ঘ বিলম্বিত দ্বি-পাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে।