সুনামগঞ্জের সুরমায় কার্গোডুবি

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৬:০৫
 
 
সুনামগঞ্জের সুরমা নদীতে দুটি কার্গোর মুখোমুখি সংঘর্ষে হলি মাদারল্যান্ড নামের একটি কার্গো ডুবে গেছে। অপর কার্গোটিতে ফাটল ধরায় সেটিও ডুবে যাচ্ছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে এই কার্গোডুবির ঘটনা ঘটে।
মাদারল্যান্ড কার্গোর শ্রমিক মোহাম্মদ ইউনুস ও চালক দেলোয়ার হোসেন জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হলি মাদারল্যান্ড কার্গোটি সিমেন্ট নিয়ে জেলার ছাতকে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ শহরতলীর লঞ্চঘাট এলাকার সুরমা নদীতে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি আল-কাওসার-২ নামের একটি কার্গো সিমেন্ট বোঝাই হলি মাদারল্যান্ড কার্গোকে ধাক্কা দেয়। সাথে সাথে হলি মাদারল্যান্ড কার্গোটি প্রায় ৪ কোটি মূল্যের সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্ট নিয়ে পানিতে ঢুবে যায়। অপর কার্গো এমভি আল-কাওসার কার্গোতে ফাটল ধরায় কার্গো এর ভিতরে পানি ঢুকতে শুরু করেছে। তবে ফাটলধরা এমভি আল-কাওসার কার্গোকে সুরমার তীরে বেঁধে ভেতর থেকে পাথর উত্তোলনের করা হচ্ছে। এই কার্গোটি ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।  
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, দুটি কার্গোর সংঘর্ষে সিমেন্ট বোঝাই একটি কার্গো সুরমা নদীতে ডুবে গেছে। ঘটনাস্থলে পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে। ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার করার কাজ চলমান রয়েছে।