জাপানে অগ্ন্যুত্পাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৭:১৬
 

জাপানের মাউন্ট ওনতাকে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ঘটনায় পর্বতশৃঙ্গ থেকে আরো ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে প্রাকৃতিক এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে।
জাপানের জাতীয় টেলিভিশন এনএইচকে ও অন্যান্য গণমাধ্যমের খবরে বুধবার বলা হয়েছে, সকালের দিকে ছাইয়ে ঢাকা পর্বত থেকে আরও ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ওই এলাকা থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছিল।
১০ হাজার ১২১ ফুট উঁচু মাউন্ট ওনতাকে আগ্নেয়গিরিতে অপ্রত্যাশিতভাবে গত শনিবার উদগিরণ হয়। বেশ কয়েক মাইল দীর্ঘ লাভার স্রোত নেমে আসে। ধূসর ছাইয়ে ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা।

সূত্র:- বাসস।