ইউক্রেনের শান্তিচুক্তি পুরোপুরি কার্যকর নয়— এরকম বিবেচনা থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে। স্থানীয় সময় মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক নিয়মিত সম্মেলনে বক্তব্য দেয়ার সময় সংস্থাটির মুখপাত্র মাজা কোজিকানসিক এ কথা জানিয়েছেন। খবর বিবিসি।
ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার অর্থনীতি, প্রতিরক্ষা, বিদ্যুত্, হিমায়িত পচনশীল সামগ্রী সংক্রান্ত লেনদেন এবং ১৪০ জন রুশ সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীর ওপর অবরোধ আরোপ করেছে, যা ‘লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত’ বলবত্ থাকবে বলে জানানো হয়েছে। কয়েক মাস হয়ে গেল রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা অবিচল আছে এবং রাশিয়াও পাল্টা কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউভুক্ত কয়েকটি দেশের ওপর। কিন্তু এই নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ইউক্রেনে স্থায়ীভাবে শান্তি আসার ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে মনে করছে ইইউ।
এ রকম প্রেক্ষাপটেই ইইউ মুখপাত্র রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবরোধ অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানালেন। এ ব্যাপারে সংস্থাটির নেতৃস্থানীয় সবাই একমত বলেও জানান তিনি। তবে মাজা বলেন, সর্বশেষ সেপ্টেম্বর মাসের শুরুতে বেলারুশের রাজধানী মিনস্কে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, তা অনেকটাই ফলপ্রসূ হয়েছে তাদের বিশ্বাস। যদিও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে সংঘাতপূর্ণ অবস্থার এখনো খুব বেশি হেরফের হয়নি এবং রাশিয়ার পাঠানো ত্রাণের আড়ালে আসলে অস্ত্র পাঠানো হচ্ছে কি না— এ সংক্রান্ত বিতর্কের অবসান হয়নি। এ দিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার রুশপন্থীদের আক্রমণে ইউক্রেনীয় সেনাবাহিনীর আট সদস্য নিহত হয়েছেন এবং পূর্বাঞ্চলে এখনো চরম মানবিক বিপর্যয়ের মুখোমুখি দনেত্স্ক ও লুহানস্কের মানুষেরা।
