ঈদকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহীতেও সক্রিয় হয়ে উঠেছে অজ্ঞান পার্টি। বুধবার ভোরে অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থান অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে নগরীর বহরমপুর বাইপাস সড়কের পাশে লুঙ্গি ও চেক শার্ট পরিহিত এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে এক রিকশা চালক তাকে রামেক হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির কয়েক মিনিট পরেই তিনি মারা যান। রামেক হাসপাতালে কর্তব্যরত চিকিত্সকরা জানান, মৃত্যু ওই বৃদ্ধের অবস্থা দেখে মনে হয়েছে তাকে উচ্চ মাত্রায় ‘ডায়াপিজিন’ ট্যাবলেট বা সিরাপ সেবন করানো হয়েছে। যার কারণেই হয়তো তার মৃত্যু হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সাংবাদিকদের জানান, ওই রুট দিয়ে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচল করে। ধারণা করা হচ্ছে, তিনি গরু ব্যবসায়ী হতে পারেন। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় সবকিছু কেড়ে নিয়ে তাকে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
