বুধবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রামপুর ও গোবিন্দপুরের মাঝামাঝি এলাকায় নৌকায় বিদ্যুতের তারে জড়িয়ে তিনজন মারা গেছেন।
নিহতরা হলেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের পাড়দীঘি গ্রামের ব্যবসায়ী সানোয়ার হোসেন (৩৫), আনোয়ার হোসেন (৩২) ও মো. রবিন (২০)। এরা সকলেই আত্মীয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পরে ওই তিনজন ইঞ্জিনচালিত একটি নৌকা নিয়ে মির্জাপুর থেকে পাড়দীঘির বটতলা বাজারে ইলেক্ট্রনিকস মালামাল নিয়ে যাচ্ছিলেন। পথে গোবিন্দপুর এলাকায় পানি থেকে আড়াইফুট উচুতে থাকা কিছু বিদ্যুতের তার নৌকার সঙ্গে জড়িয়ে যায়। পরে তার সরাতে গেলে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। পরে মাঝিদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা তাদের লাশ উদ্ধার করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
