বুধবার ভ্রাম্যমাণ আদালত সুনামগঞ্জ শহরে ঐশী ডেন্টাল ক্লিনিক নামের একটি অবৈধ ডেন্টাল ক্লিনিকে অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল বেলা ১১টা থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান। সিলগালা করা ক্লিনিকটিতে যাঁরা চিকিৎসার দায়িত্বে ছিলেন তাঁরাও চিকিৎসক হিসেবে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তার ওপর ক্লিনিকটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে এর মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাবের সুনামগঞ্জ কোম্পানির (সিপিসি-৩) কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুন, সুনামগঞ্জের ডেপুটি সিভিল সার্জন নাসের ইকবাল উপস্থিত ছিলেন।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত শহরের পশ্চিম বাজার এলাকার ইতি আইসক্রিম কারখানাকে ৩০ হাজার, ষোলঘর এলাকার ইষ্টিকুটুম রেস্তোরাঁকে পাঁচ হাজার এবং কামাল ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, ওই ক্লিনিকটি একেবারেই ভুয়া। তাই সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। চারটি প্রতিষ্ঠান থেকেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। শহরে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
