জয়পুরহাটের কালাই মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী নিবাসের পূর্ব পাশের প্রাচীরের নিকট থেকে এক নবজাতক উদ্ধার করেছে পথচারীরা। বুধবার রাত সাড়ে আটটার দিকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, রাতে কালাই মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী নিবাসের পূর্ব পাশের প্রাচীরের নিকটে কে বা কারা রক্তাক্ত অবস্থায় একদিন বয়সের এক নবজাতককে ফেলে রেখে যায়। এ সময় কয়েকটি চিকা ঐ নবজাতককে টানাহেচড়া করলে শিশুটি কাঁদতে থাকে। তার কান্নার আওয়াজ পেয়ে কৌতূহলী পথচারীরা ছাত্রী নিবাসের প্রাচীরের কাছে গিয়ে ঐ নবজাতককে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু হোসেন বলেন, উদ্ধারকৃত নবজাতকটি ছেলে সন্তান। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।
