রংপুরে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টায় মহানগরীর বুড়িহাট কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল ফকিরটারী এলাকার মুজিবুর রহমানের ছেলে। তিনি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, মহানগরীর বুড়িরহাট কদমতলা এলাকায় সকালে শফিকুল ইসলামের সাথে দুর্বৃত্তদের কথা কাটাকাটি হয়। এ সময় দুর্বৃত্তরা তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ব্যক্তিগত শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
