লক্ষ্মীপুরের রামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুইগ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই সংঘর্ষে পৌর ছাত্রলীগের সভাপতিসহ উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল বৃহস্পতিবার পূজামন্ডপ পরিদর্শনে যাওয়ার সময় রামগঞ্জ সার্কিট হাউজের সামনে বাক-বিত-ার সৃষ্টি হয়। এক পর্যায়ে উপজেলা ছাত্রলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাছান শুভ দলবল নিয়ে পৌর ছাত্রলীগ সভাপতি সোহেল চৌকিয়ার ওপর হামলা চালায়। এসময় সোহেল চৌকিয়া, আকবর হোসেন, বাপ্পী, রহমত, হৃদয়সহ উভয় গ্রুপের ১০ নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের রামগঞ্জ সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট কিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। সোহেল চৌকিয়ার লোকজন খবর পেয়ে মোটরসাইকেল মহড়াসহ দফায় দফায় হামলা চালায়। এ ঘটনায় উপজেলার সর্বত্র থমথমে অবস্থা বিরাজ করছে।
রামগঞ্জ থানার সেকেন্ড অফিসার সামছুল ইসলাম জানান, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
