চেলসি, বায়ার্নের জয়
এক নজরে মঙ্গলবার
রাতের ফল
সিএসকেএ মস্কো ০-১ বায়ার্ন মিউনিখ
অ্যাপোয়েল নিকোসিয়া ১-১ আয়াক্স
ম্যানচেস্টার সিটি ১-১ এএস রোমা
প্যারিস সেন্ট জার্মেই ৩-২ বার্সেলোনা
শালকে ১-১ এনকে ম্যারিবর
স্পোর্টিং লিসবন ০-১ চেলসি
বেট বরিসভ ২-১ অ্যাথলেটিক বিলবাও
শাখতার দোনেস্ক ২-২ পোর্তো
বার্সেলোনার টানা জয়ের ধারায় অবশেষে ছেদ পড়লো। লিওনেল মেসি, নেইমারের গোলও ঠেকাতে পারেনি প্যারি সেন্ট জার্মেইর বিরুদ্ধে তাদের পরাজয়। গত মঙ্গলবার রাতে প্যারিসে কাতালানরা হেরে গেছে ৩-২ গোলে। স্প্যানিশ জায়ান্টদের হারের রাতে অন্য কোনো অপ্রত্যাশিত ফল দেখেনি চ্যাম্পিয়ন্স লিগ। বায়ার্ন মিউনিখ এবং চেলসি গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গুরুত্বপূর্ণ জয় নিয়ে নিজ নিজ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। বায়ার্ন স্বাগতিক সিএসকেএ মস্কোকে ১-০ ব্যবধানে হারায়, একই ব্যবধানে স্পোর্টিং লিসবনকে হারায় অতিথি চেলসি। একই রাতে নিজেদের মাঠে এএস রোমার কাছে ১-১ গোলে ড্র করে স্বাগতিক ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার রাতে আতশবাজিতে মেতেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। রাতের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেয় স্বাগতিক লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। গ্রুপ ‘এফ’ খেলার ১০ মিনিটে পিএসজিকে এগিয়ে নিয়ে যান ডিফেন্ডার ডেভিড লুইজ। এর মধ্য দিয়ে নতুন মৌসুমে প্রথম গোল হজম করে বার্সা। পরের মিনিটেই সমতা ফেরান মেসি। গতকাল রাতে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল পেয়ে না থাকলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেসি।
তবে মেসির আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৬ মিনিটে ইতালিয়ান মার্কো ভেরেত্তি এবং ব্লেইসে ম্যাতুইদির গোলে এক পর্যায়ে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ৫৬ মিনিটে নেইমার গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি অতিথি বার্সা।
নতুন মৌসুমে এটাই লুইস এনরিকের দলের প্রথম পরাজয়। খেলা শেষে পিএসজি’র কোচ লরেন্ত ব্লা বলেন, ‘এটা ফরাসি ফুটবলের জন্য অসাধারণ একটি রাত। এটি একটি আক্রমণাত্মক ম্যাচ ছিল, বিনোদনপূর্ণ ছিল। দু’টি দলই শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেছে।’ পিএসজি’র বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন বার্সা প্লেমেকার জাভি। এর মধ্য দিয়ে ১৪৩টি ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন তিনি।
অথচ এই ম্যাচের আগে দু’দলের অবস্থান ছিল ঠিক বিপরীত মেরুতে। মৌসুমের প্রথম সাত খেলায় বার্সেলোনার ছয় জয়ের বিপরীতে পিএসজি সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিই ড্র করতে বাধ্য হয়। দলের আক্রমণভাগের দুই প্রাণভোমরা মেসি-নেইমারও ছিলেন দুরন্ত ফর্মে। এই ম্যাচেও নিজেদের কাজটা ঠিকভাবেই করেছিলেন দু’জনই। তবে রক্ষণ দুর্বলতায় শেষ পর্যন্ত ম্লান হয়ে যায় তাদের পারফরম্যান্স।
খেলা শেষে বার্সার ডিফেন্ডার হ্যাভিয়ের ম্যাশেরানোও জানালেন সে কথাই। এই আর্জেন্টাইন বলেন, ম্যাচটিতে রক্ষণভাগে বার্সার অনেক ভুল হয়েছিল। এটাই তাদের পরাজয়ের অন্যতম কারণ।
বায়ার্ন একমাত্র জয়সূচক গোলটি পায় খেলার ২২ মিনিটে। পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথায় মস্কোর জালে বল জড়ান থমাস মুলার। বক্সের মধ্যে ম্যারিও গোটসেকে মস্কোর ম্যারিও ফার্নান্দেজ বেপরোয়াভাবে টেনে ফেলে দিলে পেনাল্টিটি পায় বায়ার্ন। খেলার ৪১ মিনিটে সমতা ফেরানোর দারুণ একটি সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু রোমান এরেমেনকোর শটটি বায়ার্নের গোল বারে লেগে ফিরে আসে। গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে ভীতকর অবস্থায় না ফেলতে দ্বিতীয়ার্ধে আরো সতর্কতার সঙ্গে খেলে বুন্দেশলিগা চ্যাম্পিয়নরা। খেলা শেষে বায়ার্নের বিশ্বকাপ-জয়ী গোলরক্ষক নয়ার বলেন, ‘এটা আমাদের জন্য গুরূত্বপূর্ণ জয় এবং আমরাই এই জয়ের প্রাপ্য ছিলাম।’
দুই খেলা থেকে ছয় পয়েন্ট নিয়ে বায়ার্ন ‘ই’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে। তীব্র প্রতিযোগিতাপূর্ণ দিনের অপর খেলায় ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করা এএস রোমা চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ইত্তেহাদ স্টেডিয়ামে সিটির বিপক্ষে অতিথি রোমার হয়ে ড্র’সূচক গোলটি করেন ফ্রান্সেসকো টট্টি। এর মধ্যদিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী ইতালিয়ান স্ট্রাইকারটি। এর আগে এই রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের রায়ান গিগসের।
স্পোর্টিং লিসবনকে হারিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে চেলসি। সেই সঙ্গে নতুন মৌসুমে দলটি অপরাজয় থাকার ধারাবাহিকতাও ধরে রেখেছে। খেলার ৩৪ মিনিটে সেস্ক ফেব্রেগাসের ফ্রি-কিক থেকে হেডে স্বাগতিক লিসবনকে বধ করা চেলসির একমাত্র গোলটি করেন নেমেনজা ম্যাটিচ। খেলা শেষে চেলসি অধিনায়ক জন টেরি বলেন, ‘ম্যাচটি জিততেই আমরা এখানে এসেছিলাম। আমরা তা পেরেছি। এই জয় আমাদের গ্রুপকে শীর্ষে নিয়ে গেছে এবং গ্রুপে আমরা পুনরায় নিয়ন্ত্রণ নিতে পেরেছি।’ গ্রুপের অপর দুই দল শালকে এবং ম্যারিবার থেকে দুই পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে রয়েছে চেলসি। একই রাতে ম্যারিবার-শালকের খেলাটি ১-১ গোলে ড্র হয়। —সুপার স্পোর্টস
