বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে বগুড়া শহরের রাজাবাজার এলাকায় দত্ত স্টোরের সামনে এ ঘটনা ঘটে । নিহত জেলহ্জ্ব ওরফে জিয়া (৩৫) বগুড়া শহরের ধরমপুর এলাকার রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় স্বর্ণকার ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৬-৭ জন দুর্বৃত্ত রাজাবাজারের ভেতর থেকে জেলহজ্বকে ধাওয়া করে। তিনি দত্ত স্টোরের সামনে এসে রাস্তায় পড়ে যায়। পরে দুর্বৃত্তরা শত-শত লোকের সামনে তাকে গলাকেটে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জায়গা জমি নিয়ে এলাকায় জেলহজ্বের সাথে তার চাচাতো ভাই মিজুর বিরোধ চলে আসছিল। এর জেরধরে জেলহজ্বের বিরুদ্ধে মামলা হয়। জেলহজ্বও বাদী হয়ে মিজুর বিরুদ্ধে একটি মামলা করে। এছাড়াও মিজুর বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কয়েকদিন আগে মিজুর এক সহযোগীকে ছুরিকাঘাত করে জেলহজ্ব। পুলিশ নিহতের হাতে থাকা একটি মামলার এফআইআর এর কপি উদ্ধার করেছে।।
সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) মঞ্জুরুল হক ভুঞা জানান, ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত মামলা মোকর্দ্দমার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
