টাঙ্গাইলের ঘাটাইলে ভিজিএফের চাল বিতরণে বাধা সৃষ্টি করেছে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা। এ সময় তারা এক রাউন্ড ফাঁকা গুলি করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার ধলাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত শিকদার বলেন, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে দুস্থদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ সময় স্থানীয় এমপির কর্মী 'ছাত্রলীগ নেতা' আমিনের নেতৃত্বে ৫/৭ জন যুবক তার কাছে দশ বস্তা চাল দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তারা আমার উপর আরো চাপ সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে চাল নিতে আসা স্থানীয় জনতাও তাদের বাধা প্রদান করে। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকেসহ ইউপি সদস্য ও স্থানীয় জনতার উপর হামলা চালায়। তখন উত্তেজিত জনতা তাদের প্রতিরোধের চেষ্টা করলে তারা এক রাউন্ড ফাঁকা গুলি করে এবং একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় অন্য একটি ককটেল অবিস্ফোরিত থাকে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় একটি অবিস্ফেরিত ককটেল নিস্ক্রিয় করা হয়। তবে এ ব্যাপারে চেয়ারম্যান এখনো কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
