ধর্মীয় অনুভতির উপর আঘাত দেওয়ার অভিযোগে ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যশোরে মামলা হয়েছে। বৃহম্পতিবার দুপুরে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে এই মামলা হয়। যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আমজাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের (কেশবপুর) বিচারক আবু ইব্রাহিম মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন। বিচারক মামলাটি দন্ডবিধি আইনের ২৯৫ (ক) ধারায় সমন জারি করে আগামী ২ নভেম্বর আসামিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন, মামলার আসামি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজ, মহানবী (স.), ইসলাম ও তাবলিগ সম্পর্কে কটুক্তি করে বাদীসহ মুসলমানদের ধর্মীয় অনুভতিতে আঘাত করেছেন। এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে এ মামলা দায়ের করেন।
