হংকংয়ের ব্যাপরে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল চীন

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ২০:২১
 
ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়ে বেইজিং বলেছে, বিক্ষোভকারীদের মদদ দেয়া চলবে না। ‘কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড’ সহ্য করা হবে না।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সফররত চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ইকে বলেন, হংকংয়ে চলমান ঘটনাবলীর ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। ওয়াং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসের মধ্যে বৈঠকের এক পর্যায়ে ওবামা সেখানে গিয়ে এ কথা বলেন। হংকং কর্তৃপক্ষ ও বিক্ষোভকারীদের মধ্যে মতপার্থক্যেও শান্তিপূর্ণ সমাধান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে এর কয়েক ঘন্টা আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরির সঙ্গে এক বৈঠকে ওয়াং বলেন, হংকংয়ের বিক্ষোভ নিয়ে আমেরিকার মাথা ঘামানোর দরকার নেই।
তিনি বলেন, ‘চীন সরকার খুবই দৃঢ় ও স্পষ্টভাবে তার অবস্থান ব্যাখ্যা করেছে। হংকংয়ের ঘটনা চীনের অভ্যন্তরীণ বিষয়।’
চীনের অধীন আধা স্বায়ত্তশাসিত এ ভূখণ্ডে ২০১৭ সালের নির্বাচনে প্রার্থীদের পরিচয় খতিয়ে দেখার বেইজিং পরিকল্পনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নেমেছে গণতন্ত্রকামীরা। রাজনৈতিক সংস্কার তথা পুরোপুরি গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শিক্ষার্থীসহ হংকংয়ের সর্বস্তরের মানুষ এই আন্দোলন করছে।
হংকং কর্তৃপক্ষের প্রতি চীনা সমর্থনের কথা উল্লেখ করে ওয়াং বলেন, আইন অনুযায়ী চলমান পরিস্থিতি সামাল দেয়ার ক্ষমতা তাদের আছে। খবর এএফপি